ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মান্দায় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ
মান্দায় কাঙ্ক্ষিত সার না পেয়ে মহাসড়ক অবরোধ
মান্দায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১
মান্দায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তসলিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জাহিদুল ইসলাম ইমন নামে অপর এক যুবক পালিয়ে যান। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলা গেটসংলগ্ন মোল্লা টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তসলিম  উদ্দিন (২৬) উপজেলার চককানু গ্রামের মনসুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রসাদপুর বাজারের মোল্লা টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় তসলিম উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জাহিদুল ইসলাম ইমন নামে অপর এক যুবক পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তসলিম নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’ তিনি আরও বলেন, ‘অভিযানের সময় জাহিদুল ইসলাম ইমন নামে একজন পালিয়ে যান। তাকে আটকসহ মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
মান্দায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২; হত্যা মামলায় নারী গ্রেপ্তার
মান্দায় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণা সভা
মান্দায় ১২৫ পূজামণ্ডপে সরকারি অনুদান ও নগদ অর্থ বিতরণ
মান্দায় হানি ট্র্যাপে ৬২ বছরের বৃদ্ধ, আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১
মান্দায় ১২৬ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মতবিনিময়

নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেলে মান্দা থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কুমার বিশ্বজিৎ সরকার। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) বিজন কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার ঘোষ, মণ্ডপ কমিটির সভাপতি সুকমল চন্দ্র দাস, তৃপ্তিশ কুমার মণ্ডল ও অনুপ কুমার কুণ্ডু। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে যেন সবাই পূজা উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিমা বিসর্জনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মান্দায় নবাগত ওসি আফজাল হোসেনের যোগদান

নওগাঁর মান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আফজাল হোসেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এদিন সন্ধ্যায় বিদায়ী ওসি মো. খোরশেদ আলম নবাগত ওসি আফজাল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে থানার পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এর আগে মো. আফজাল হোসেন পাবনার ঈশ্বরদী থানার আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। গত মঙ্গলবার (৬ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে মান্দা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মান্দা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. আফজাল হোসেনকে নওগাঁ জেলায় বদলি করা হয়। পরবর্তীতে নওগাঁ জেলা পুলিশের পৃথক আদেশে তাকে মান্দা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি আফজাল হোসেন বলেন, মান্দা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জুয়া ও মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে। এ কাজে তিনি থানার পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

নওগাঁর মান্দায় ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মান্দায় ভার্কের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। ভার্কের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে চারজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ২৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ শিক্ষা বৃত্তি দেওয়া হয়। ভার্কের মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনুপম কুমার দেবনাথ। অনুষ্ঠানে ভার্কের শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, হিজবুল ইসলাম, সামসুজ্জোহা ও ইকবাল হোসেন বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সৈকত পাল ও জান্নাতুন ফেরদৌস। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষার পথ সুগম করতে ভার্কের এ উদ্যোগ প্রশংসনীয়। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ভার্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং ভার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নওগাঁর মান্দায় খেলার মাঠ ও খেলাধুলার উপযুক্ত পরিবেশের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে মাঠের সমস্যা সমাধানে তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীর সমন্বয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস দীর্ঘদিন ধরে খেলার মাঠের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। এর আগে মাঠের সমস্যার সমাধান না হওয়ায় তারা ক্লাস বর্জন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়সংলগ্ন একটি জমিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল। জমিটি নিচু হওয়ায় বর্ষাকালে সেখানে পানি জমে যায়। ফলে বছরের বড় একটি সময় জমিটি খেলাধুলার অনুপযোগী থাকে। সম্প্রতি জমিটির একাংশের মালিক আইল দিয়ে জায়গাটি দখলে নেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য নির্দিষ্ট ও উপযুক্ত কোনো মাঠ নেই। এতে তারা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা ও খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সময় তিনি বিদ্যালয়েও উপস্থিত ছিলেন না। বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি নওফেল আলী মণ্ডল বলেন, ‘শিক্ষার্থীদের খেলার মাঠের দাবিটি যৌক্তিক। এ বিষয়ে সমাধানের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জমির মালিক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে দ্রুত মাঠের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’

মান্দায় উত্তরা ডিগ্রি কলেজে পুনরায় সভাপতির দায়িত্ব ফিরে পেলেন অ্যাড. মিজানুর রহমান

নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন নওগাঁ জজ কোর্টের এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কলেজে গিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। হাইকোর্টের আদেশের পর তিনি পুনরায় সভাপতি পদে দায়িত্ব নেন। এর আগে তাকে সরিয়ে মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এমদাদুল হককে এক মাসের জন্য এডহক কমিটির সভাপতি করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে অ্যাডভোকেট মিজানুর রহমান হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে ছয় মাসের জন্য পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এক মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। দায়িত্ব গ্রহণের পর কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সহকারী অধ্যাপক আলমগীর হোসেন জোয়ার্দ্দারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান অ্যাডভোকেট মিজানুর রহমান। দায়িত্ব গ্রহণের পর বিকেলে কলেজের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘মনস্তাত্তি¡ক দ্ব›দ্ব ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ভালো নয়। আমি যতদিন দায়িত্বে থাকব, প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষকদের নিয়মিত উপস্থিত থেকে যথাসময়ে পাঠদান এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আন্তরিক হতে হবে।’ সহকারী অধ্যাপক ফিরোজ আলম বলেন, ‘কলেজে আটটি বিষয়ে অনার্স চালু রয়েছে। এটি মান্দার অন্যতম বড় শিক্ষাপ্রতিষ্ঠান। অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জটিলতা নিরসনে এখন কাজ করা প্রয়োজন।’ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়া সহকারী অধ্যাপক আলম হোসেন জোয়ার্দ্দার কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সরকারিকরণের উদ্যোগ নেওয়ার দাবি জানান। সভায় ভারশোঁ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান, নওগাঁ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবু হায়াত রানা, উপজেলা যুবদলের নেতা সিদ্দিক হোসেন, গোলাম রাব্বানীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মান্দায় একযোগে ১২ সহকারী প্রাথমিক শিক্ষক বদলি

নওগাঁর মান্দা উপজেলায় ১২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে একই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের বদলি করা হয়। উপজেলা পর্যায়ে সহকারী শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার অনুমোদনক্রমে এ বদলি আদেশ জারি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বদলি হওয়া শিক্ষকদের মধ্যে মোছা. খাদিজাতুন তোহুরাকে গাইহানা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চককানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কাজল রেখাকে শীলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেলুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কালী শংকর চক্রবর্তীকে পারইনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বুড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মো. আব্দুল কুদ্দুসকে চকবালু (আমিনগঞ্জ) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া মো. রুহুল আমিনকে ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশোঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোছা. অজিফা খাতুনকে সাটইল পিড়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চকচম্পক ছোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নীতা কুমারীকে কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তুলশিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আয়েশা সিদ্দিকাকে বলাক্ষেত্র সিমলাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চকমনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে মো. মকলেছুর রহমানকে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোছা. সুলতানা পারভীনকে পিড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মৈনম অযোধ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোছা. সুরাইয়া জাহানকে কুশুম্বা দিঘীড়পার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মোছা. রেহেনা খাতুনকে হাট চকগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চককানু দক্ষিণপাড়া বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি হওয়ায় শিক্ষকরা কোনো ধরনের টিএ/ডিএ পাবেন না। বদলি হওয়া শিক্ষকদের ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও
X