ছোট ছোট দৈনন্দিন অভ্যাস আমাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সকাল কীভাবে শুরু হচ্ছে, তার ওপর নির্ভর করে পুরো দিনের মনোভাব, মনোযোগ, শক্তি ও শরীরের সুস্থতা। চিকিৎসকদের মতে, সকালের কিছু সহজ অভ্যাস মানসিক চাপ কমাতে, হজম ভালো রাখতে এবং মেরুদণ্ডসহ শরীরের গুরুত্বপূর্ণ অংশকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। সবচেয়ে ভালো দিক হলো, এসব অভ্যাসে খুব বেশি সময় লাগে না।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এই ছোট অভ্যাসগুলো অনুসরণ করলে ভবিষ্যতে নানা স্বাস্থ্যঝুঁকি কমে এবং বর্তমান জীবনযাপনও হয় আরও স্বস্তির। নিচে চিকিৎসকদের পরামর্শে এমন কিছু সকালের অভ্যাস তুলে ধরা হলো, যেগুলো যে কেউ সহজেই নিজের জীবনে যুক্ত করতে পারেন। গুড হাউজকিপিং
ঘুম থেকে উঠে প্রথমেই পানি পান করুন: ঘুমের সময় শরীর দীর্ঘক্ষণ পানি পায় না। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করলে শরীর ধীরে ধীরে জেগে ওঠে। এটি বিপাকক্রিয়া সক্রিয় করে, রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং হজমের জন্যও উপকারী।
বিছানায় শুয়েই হালকা স্ট্রেচিং করুন: বিছানা ছাড়ার আগে হালকা স্ট্রেচিং করলে মেরুদণ্ড ধীরে ধীরে প্রস্তুত হয়। হাঁটু ভাঁজ করে বুকের দিকে টানা বা শরীর একটু মোচড় দেওয়ার মতো সহজ ব্যায়াম পিঠের ব্যথা ও আঘাতের ঝুঁকি কমাতে সাহায্য করে।
পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ নাশতা খান: সকালের খাবারে প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বি থাকলে সারাদিন শক্তি বজায় থাকে। ডিম, দই, সবজি, শস্যজাত খাবার বা ফলমূল দিয়ে তৈরি নাশতা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার ঝুঁকি কমাতে সহায়ক।
ঘুম থেকে উঠেই মোবাইল ফোন দেখা এড়িয়ে চলুন: সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফোন ধরলে মানসিক চাপ বাড়তে পারে। ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢোকার আগে কয়েক মিনিট গভীর শ্বাস নেওয়া বা চুপচাপ বসে থাকা মনকে স্থির রাখে।
সকালে কিছু সময় হাঁটা: ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাইরে গিয়ে হাঁটুন। এতে মেজাজ ভালো হয় এবং শরীরে ভালো লাগার হরমোন তৈরি হয়।
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মননচর্চা করুন: প্রতিদিন কয়েক মিনিট মনোযোগ দিয়ে শ্বাস নেওয়া মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা কমাতে সাহায্য করে। এটি দিনের শুরুতে মনকে শান্ত ও ইতিবাচক রাখে।
দিনের লক্ষ্য ও কাজের পরিকল্পনা করুন: সকালে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে রাখা বা মনে মনে সাজিয়ে নিলে কাজের গতি ও মনোযোগ বাড়ে। এতে সময় ব্যবস্থাপনাও সহজ হয়।
শরীরের ভঙ্গির দিকে খেয়াল রাখুন: সকালে বসা বা হাঁটার সময় সোজা হয়ে বসা, পা মেঝেতে রাখা এবং কাঁধ ঢিলেঢালা রাখলে পিঠের ওপর চাপ কম পড়ে। সঠিক ভঙ্গি মেরুদণ্ডের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ।
সুস্থ জীবনযাপনের জন্য বড় পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিনের সকালে কয়েক মিনিট সময় দিয়ে এই ছোট অভ্যাসগুলো গড়ে তুললেই শরীর ও মন দুটোই ভালো থাকবে। নিয়মিতভাবে এসব অভ্যাস অনুসরণ করলে দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকি কমে এবং জীবন হয়ে ওঠে আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক। সকালের যত্নই পারে সারাদিনের সুস্থতার ভিত্তি তৈরি করতে।
মন্তব্য করুন








