প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব স্টিভ জবস। তিনি নিখুঁত মানুষ ছিলেন না, বরং ব্যক্তিত্বের দিক থেকে অনেক সময় বিতর্কিতও ছিলেন। তবু প্রযুক্তি, নকশা ও সৃজনশীল চিন্তায় যে পরিবর্তন তিনি এনেছেন, তা আজও আলোচিত। ম্যাক কম্পিউটার, আইফোন কিংবা অ্যানিমেশন জগতে পিক্সারের সাফল্যে তার দৃষ্টিভঙ্গির স্পষ্ট ছাপ রয়েছে।
তার সাফল্যের পেছনে ছিল কিছু বাস্তবমুখী নীতি। এগুলো শুধু অনুপ্রেরণামূলক কথা নয়, বরং তার কাজের ধরন ও সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে। ব্যক্তিগত জীবন, পেশা বা ব্যবসায় এগোতে চাইলে এই নীতিগুলো এখনো প্রাসঙ্গিক। খবর টাইমস অব ইন্ডিয়া।
চলুন জেনে নিই স্টিভ জবসের সাফল্যের নীতিগুলো।
যে কাজ ভালোবাসেন, সেটাই করুন
স্টিভ জবস বিশ্বাস করতেন, যে কাজের প্রতি গভীর আগ্রহ নেই, কঠিন সময়ে সে কাজ ধরে রাখা যায় না। তিনি শুধু একজন প্রধান নির্বাহী হতে চাননি, তিনি এমন পণ্য বানাতে চেয়েছিলেন যা ব্যবহারকারীর কাছে বিশেষ অনুভূতি তৈরি করবে। তাই তিনি নকশার ছোট ছোট বিষয় নিয়েও গুরুত্ব দিতেন।
অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। এটি ছিল বড় ধাক্কা। তবু তিনি থেমে যাননি। নতুন প্রতিষ্ঠান গড়েছেন, নতুন উদ্যোগে যুক্ত হয়েছেন। সে সময়ের অভিজ্ঞতাই পরে তাকে আরও পরিণত করে তোলে।
মনে রাখবেন, বাহ্যিক চাকচিক্য দেখে সিদ্ধান্ত নেবেন না। এমন কাজ বেছে নিন, যা কঠিন সময়েও আপনাকে টিকিয়ে রাখবে।
ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিন
স্টিভ জবস ছোটখাটো বিষয়েও মনোযোগ দিতেন। একটি পণ্যের ভেতরের অংশ, প্যাকেট খোলার অভিজ্ঞতা কিংবা আইকনের আকার—সবকিছুতেই ছিল তার নজর। কারণ তিনি জানতেন, ব্যবহারকারীর অনুভূতি তৈরি হয় এই সূক্ষ্ম বিষয়গুলো থেকে।
লেখা, উপস্থাপনা, ব্যবসা বা যে কোনো কাজ—খুঁটিনাটি যত যত্নে করবেন, সামগ্রিক মান তত উন্নত হবে। মানুষ হয়তো কারণ বুঝতে পারবে না, কিন্তু ভালো লাগা অনুভব করবে।
নিজের অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন
জবস সবসময় বাজার জরিপের ওপর নির্ভর করেননি। অনেক সময় মানুষ কী চায়, সেটি তারা নিজেরাও জানে না। নতুন ধারণা নিয়ে কাজ করতে হলে সাহস লাগে। এর মানে এই নয় যে, মতামত শোনা যাবে না। বরং সবার কথা শুনে নিজের বিচারবোধ দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
উপদেশ শুনুন, কিন্তু নিজের লক্ষ্য ও বিশ্বাসকে অগ্রাধিকার দিন। আত্মবিশ্বাস ছাড়া নতুন কিছু তৈরি করা যায় না।
ব্যর্থতা মানেই শেষ নয়
অ্যাপল থেকে বিদায় নেওয়া তার জীবনের কঠিন অধ্যায় ছিল। কিন্তু সেটিই তাকে আরও পরিণত নেতা ও সৃষ্টিশীল মানুষে পরিণত করে। পরে যখন তিনি ফিরে আসেন, তখন তার দৃষ্টিভঙ্গি ছিল আরও স্পষ্ট ও স্থির।
ব্যর্থতা একটি বিরতি হতে পারে, কিন্তু সমাপ্তি নয়। নতুনভাবে শুরু করার সুযোগ হিসেবেও দেখা যেতে পারে।
অন্যের প্রত্যাশায় নয়, নিজের পথে চলুন
স্টিভ জবসের মতে, অন্যের প্রত্যাশা অনুযায়ী জীবন কাটানো সহজ, কিন্তু তা সবসময় সন্তুষ্টি দেয় না। সামাজিকভাবে গ্রহণযোগ্য পথই সবসময় সঠিক পথ নয়।
সাফল্যের সংজ্ঞা সবার জন্য এক নয়। নিজের মূল্যবোধ ও লক্ষ্য অনুযায়ী জীবন গড়াই গুরুত্বপূর্ণ।
স্টিভ জবস সফল হয়েছেন কারণ তিনি কৌতূহলী ছিলেন, কাজকে গুরুত্ব দিয়েছেন, ঝুঁকি নিতে ভয় পাননি এবং ব্যর্থতার পরও চেষ্টা চালিয়ে গেছেন। তার গল্প নিখুঁত হওয়ার গল্প নয়, বরং পরিবর্তন ও অধ্যবসায়ের গল্প।
খেয়াল রাখবেন, সাফল্য হঠাৎ আসে না। এটি গড়ে ওঠে ধৈর্য, মনোযোগ ও আত্মবিশ্বাসের ওপর। যে কাজ করছেন সেটিকে গুরুত্ব দিন, খুঁটিনাটিতে মন দিন, নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করুন এবং ব্যর্থতায় ভেঙে পড়বেন না। নিজের মতো করে লক্ষ্য নির্ধারণ করুন। টেকসই সাফল্য সেখান থেকেই শুরু হয়।
মন্তব্য করুন








