পুষ্টিগুণে ভরপুর বাদাম। প্রতিদিন অল্প পরিমাণে বাদাম খেলে দীর্ঘ মেয়াদে নানা রোগের ঝুঁকি কমে। বিশেষ করে বাদাম কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কিন্তু সব বাদাম কি সমানভাবে কাজ করে?
হার্টের স্বাস্থ্যের জন্য এবং রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা কমাতে বাদাম খাওয়া হয়। তবে এর আগে জানতে হবে কোন বাদাম খেলে সবচেয়ে বেশি উপকার হয়। কোন বাদাম সবচেয়ে বেশি কার্যকর, সে বিষয়ে কথা বলেছেন দিল্লির হৃদরোগ বিশেষজ্ঞ অনুরাগ শর্মা। তিনি বলছেন, ‘অধিকাংশ বাদামেরই বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। তবে যদি কোলেস্টেরল কমানো লক্ষ্য হয়ে থাকে, তবে তিনটি বাদাম কাজ করবে দ্রুত— কাঠবাদাম, পেস্তাবাদাম এবং আখরোট।’
এ তিন বাদাম কোলেস্টেরল কমানোর পাশাপাশি প্রদাহ কমাতেও সাহায্য করে। এ ছাড়া ভালো রাখে ধমনির স্বাস্থ্য। হার্টের রোগও দূরে রাখতে সাহায্য করে।
যেভাবে তিন বাদাম হার্ট ভালো রাখে
কাঠবাদাম
কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং মনো-আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। ভিটামিন ই অত্যন্ত শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা কোলেস্টেরলকে অক্সিডাইজড হতে বাধা দেয়। কোলেস্টেরল অক্সিডাইজড হলেই তা ধমনিতে আটকে যেতে শুরু করে। তাই কাঠবাদাম খেলে রক্তের এলডিএল বা ‘খারাপ’ কোলেস্টেরল কমে। এ ছাড়া কাঠবাদামের খোসায় থাকা ফাইবার অন্ত্রে কোলেস্টেরল শোষণেও বাধা দেয়।
পেস্তা
পেস্তায় প্রচুর পরিমাণে ফাইটোটেরল আছে। যার গঠন অনেকটা কোলেস্টেরলের মতো। পেস্তা খেলে শরীর আসল কোলেস্টেরলের বদলে ফাইটোটেরল শোষণ করে, ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এই প্রক্রিয়ায় শরীরে ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমতে থাকে। অন্য দিকে, ‘ভালো’ কোলেস্টেরল বা এইচডিএল বাড়ে।
এ ছাড়া, পেস্তা বাদামের ক্যালোরি অন্যান্য বাদামের তুলনায় কম হওয়ায় এটি কোলেস্টেরল কমানোর পাশাপাশি ওজন কমাতেও কার্যকরী ভূমিকা রাখে।
আখরোট
আখরোটকে হার্টের ‘সুপারফুড’ বলা হয়। এর যথেষ্ট কারণও আছে। এটি একমাত্র বাদাম— যাতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এটি রক্তে ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। ধমনির ভেতরে চর্বির স্তর জমতে দেয় না। এটি রক্তনালির নমনীয়তা বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।
বাজারে এই বাদামগুলোকে মুখরোচক করে তুলতে তেলে ভেজে নুন এবং মশলা মাখিয়ে বিক্রি করা হয়। এভাবে খাওয়া লাভের থেকে ক্ষতিই বেশি। বাদাম তেলে ভেজে নুন মাখিয়ে খেলে এর অর্ধেক উপকারিতাই নষ্ট হয়ে যায়। পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে বাদাম খাওয়া ভালো। এতে উপকারও বেশি পাওয়া যায়।
সূত্র : আনন্দবাজার
মন্তব্য করুন








