আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদরাসা মিলনায়তনে সভা হয়। দলটির নির্বাচনি পরিকল্পনা, প্রচার কৌশলসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সদস্যরা।
সভায় জমিয়তের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশসহ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে সরকার গঠিত হলে দলটির রাজনৈতিক অবস্থান ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কেও প্রতিনিধিদের জানানো হয়।
এ সময় বাংলাদেশের রাজনীতিতে জমিয়তসহ অন্যান্য ইসলামি রাজনৈতিক দলসমূহের ঐতিহাসিক ও চলমান ভূমিকা তুলে ধরা হয়।
প্রতিনিধিরা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম দেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় গণতন্ত্র, নৈতিকতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাংবিধানিক কাঠামোর ভেতর থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে দলটি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহপ্রচার সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ এবং ছাত্র জমিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান তকি।
মন্তব্য করুন








