যারা অতীতে বাংলাদেশকে মেনে নেয়নি, তারাই সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। অতীতে বাংলাদেশকে মেনে নেয়নি, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। ধর্মের নামে ভোট চেয়ে মুনাফেকি করছে। তারপরও যেহেতু আমরা সহনশীলতায় বিশ্বাস করি, তাই আপনাদের বলবো, সিদা পথে রাজনীতি করেন। ধর্মের নামে বিশৃঙ্খলা করবেন না।
তিনি বলেন, আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। এই হিসাব আমরা ভুলিনি। অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন। যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ে তোলার সুযোগ হয়েছে।
সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে ফখরুল বলেন, বিএনপি ৩১ দফা সংস্কার দিয়েছে আপনাদের প্রস্তাবের দুই বছর আগে। এখন সরকার খুব প্রচারণা চালাচ্ছে। সংস্কার তো বিএনপির সন্তান।
তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে বিএনপি। তোমরা কারসাজি করেছ, বেইমানি করেছ, যেগুলোতে একমত হইনি সেগুলোও সংস্কারে ঢুকিয়ে দিয়েছ। তারপরও রাজি হয়েছি, ঠিক আছে।
বিএনপি মহাসচিব বলেন, যাদের তিনটি ভোট নেই তারা নির্বাচন প্রতিহতের নানা হুমকি দিচ্ছে। আমরা মনে করি, এবারের ভোটে প্রমাণ হবে দেশ গণতান্ত্রিক ধারায় যাবে নাকি উগ্রবাদীদের হাতে যাবে। আমরা ভোটের জন্য অপেক্ষা করছি।
মন্তব্য করুন








