বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। এটি ঢাকার বাইরে তার প্রথম সফর এবং এখান থেকেই বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যাকে সঙ্গে নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তারেক রহমানের আগমন ও জনসভা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলিয়া মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
স্থানীয় বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন।
উল্লেখ্য, দলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সিলেটে প্রথম সফর। প্রায় ২১ বছর আগে সর্বশেষ যখন তিনি সিলেট সফরে এসেছিলেন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএনপি চেয়ারম্যান বৃহস্পতিবার সকালে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সকাল ১০টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।
এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু হবে। এ সময় তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। পরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।
মন্তব্য করুন








