আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য ম্যাচ বয়কট নিয়ে যতই আইনি কৌশলের কথা উঠুক, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিচ্ছে—‘ফোর্স মেজর’ দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। তাদের মতে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হওয়ার পরও কেবল একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত আইনি ঢাল হিসেবে টিকবে না; বরং এটি ক্রিকেটের নিয়ম ও চুক্তির সরাসরি লঙ্ঘন।
ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, সম্ভাব্য শাস্তির আশঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে ‘ফোর্স মেজর’ ধারা প্রয়োগের যুক্তি তুলে ধরতে পারে। এই আইনি পরিভাষা সাধারণত এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা সরাসরি নিরাপত্তা সংকটের মতো অনিবার্য কারণে কোনো চুক্তির শর্ত পালন বাস্তবিক অর্থেই অসম্ভব হয়ে পড়ে। এই আইনি পরিভাষা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে।
পিসিবি তাদের পক্ষে পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নির্দেশনাকেও প্রমাণ হিসেবে দেখাতে পারে বলে জানা গেছে।
কিন্তু বিসিসিআইয়ের অবস্থান একেবারেই ভিন্ন। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘যেদিন পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের পোস্ট দেয়, সেদিনই পাকিস্তান অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছে। তাহলে ‘অসাধারণ পরিস্থিতি’র যুক্তি কোথায়? এটি কোনোভাবেই শক্ত আইনি অবস্থান নয়।’
তার ভাষ্য অনুযায়ী, যদি সত্যিই নিরাপত্তা বা অনিবার্য পরিস্থিতি থাকত, তাহলে সব ম্যাচই প্রশ্নের মুখে পড়ত—শুধু একটি ম্যাচ নয়।
বিসিসিআই আরও দাবি করছে, পাকিস্তান সরকার ও পিসিবির সম্পর্ক এমন যে, ‘সরকারি নির্দেশনা’কে পুরোপুরি বাহ্যিক চাপ হিসেবে দেখানো কঠিন।
‘পাকিস্তানের প্রধানমন্ত্রী পিসিবির পৃষ্ঠপোষক, আর বোর্ডপ্রধান নিজেই মন্ত্রী। ফলে সরকার ও বোর্ডকে আলাদা সত্তা হিসেবে দেখানো আইনি দৃষ্টিতে টেকসই নয়,’—মন্তব্য করেন ওই কর্মকর্তা।
আইসিসির দৃষ্টিকোণ থেকেও বিষয়টি জটিল। নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে পাকিস্তানের অন্য সব ম্যাচ খেলতে সম্মতি থাকা সত্ত্বেও কেবল ভারতের বিপক্ষে না নামার সিদ্ধান্ত ‘ফোর্স মেজর’ হিসেবে স্বীকৃতি পাবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে। ইতিহাসে বিশ্বকাপে নিরাপত্তা কারণে ম্যাচ ফরফিটের নজির থাকলেও সেগুলো ছিল সরাসরি ঝুঁকি বা ভ্রমণ–অযোগ্য পরিস্থিতির সঙ্গে যুক্ত—এবারের প্রেক্ষাপট ভিন্ন।
ক্রিকেট কূটনীতির এই টানাপোড়েনে এখন মূল প্রশ্ন একটাই—আইনি পরিভাষা দিয়ে কি মাঠের সিদ্ধান্ত বদলানো যাবে? বিসিসিআইয়ের বার্তা পরিষ্কার: নির্দিষ্ট একটি ম্যাচ এড়িয়ে যাওয়ার জন্য ‘ফোর্স মেজর’ ব্যবহার করা হলে তা নিয়মের অপব্যবহার হিসেবেই দেখা হবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন








