আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তার মধ্যেই মুখ খুলেছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের সম্ভাব্য বয়কটের আলোচনা চললেও ভারতীয় দল নির্ধারিত সূচি মেনেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ক্যাপ্টেনস কার্নিভাল শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার স্পষ্ট করে বলেন, ম্যাচ খেলতে ভারতের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দল নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে খেলতে প্রস্তুত।
‘আমাদের মানসিকতা একদম পরিষ্কার। আমরা ম্যাচ খেলতে না বলিনি। বিষয়টা এসেছে অন্য দিক থেকে। আইসিসি অফিসিয়াল সূচি দিয়েছে, বিসিসিআই ও সরকার নিরপেক্ষ ভেন্যু ঠিক করেছে। আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে— আমরা অবশ্যই যাচ্ছি,’ বলেন ভারত অধিনায়ক।
তিনি আরও জানান, দলের অভ্যন্তরীণ আলোচনাতেও সূচি মেনেই এগোনোর সিদ্ধান্ত রয়েছে। ভারতের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি, এরপর পরিকল্পনা অনুযায়ী দল শ্রীলঙ্কায় যাবে বলেও নিশ্চিত করেন সূর্যকুমার।
অন্যদিকে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগাও একই বিষয়ে মন্তব্য করে জানিয়েছেন, ভারত ম্যাচ খেলা না-খেলার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপরই নির্ভর করছে। খেলোয়াড় বা বোর্ডের হাতে এ বিষয়ে কোনো কর্তৃত্ব নেই বলেও উল্লেখ করেন তিনি।
‘ভারতের বিপক্ষে ম্যাচ হবে কি না, সেটা সরকারই ঠিক করবে। আমরা সরকারের সিদ্ধান্তই অনুসরণ করব,’ বলেন সালমান আলি আগা।
গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। সরকারের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি আইসিসির বিরুদ্ধে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা দ্বৈত নীতির অভিযোগ তোলেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের এই অবস্থান আইসিসির ওপর আর্থিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি, যেখানে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি নির্ধারিত রয়েছে ১৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোতে। তবে সরকারি সিদ্ধান্তের কারণে ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না— সে প্রশ্ন এখনো উন্মুক্তই রয়ে গেছে।
মন্তব্য করুন








