আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ ঘিরে অনিশ্চয়তা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত ম্যাচ হবে কি না—সে সিদ্ধান্ত একমাত্র পাকিস্তান সরকারের, খেলোয়াড় বা বোর্ডের হাতে এ বিষয়ে কোনো ক্ষমতা নেই।
বিশ্বকাপের আগে এক সংবাদ সম্মেলনে আগা বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই নেবে। ম্যাচ হবে কি না, সেটি এখনো অনিশ্চিত। তবে সরকার যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটাই অনুসরণ করব।’
তিনি আরও যোগ করেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নয়। যদি সেমিফাইনাল বা ফাইনালেও তাদের মুখোমুখি হতে হয়, সেক্ষেত্রেও আমরা সরকারের দিকনির্দেশনার অপেক্ষায় থাকব।’
সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী আগা জানান, গত ছয় মাস ধরে দল ভালো ক্রিকেট খেলছে এবং এশিয়া কাপের পর থেকে পারফরম্যান্সে উন্নতি এসেছে।
‘আগের কয়েকটি টুর্নামেন্টে আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এবার প্রস্তুতি ভালো, আশা করছি বিশ্বকাপে ভালো কিছু দেখাতে পারব’ বলেন তিনি।
অধিনায়ক হিসেবে এটি আগার প্রথম বিশ্বকাপ। বিষয়টি নিয়ে রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার প্রথম বিশ্বকাপ—আমি ভীষণ উচ্ছ্বসিত। আশা করি আমার নেতৃত্বে দল ভালো করবে।’
দলের মনোযোগ প্রসঙ্গে আগা বলেন, নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে ভাবতে চান না তারা। ‘যেগুলো আমাদের হাতে নেই, সেগুলো নিয়ে বেশি ভাবছি না। আমরা ভালো ক্রিকেট খেলতেই মনোযোগ দিচ্ছি। বিশ্বকাপে কোনো দলই ছোট নয়,’ বলেন তিনি। একই সঙ্গে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের স্মৃতিও টানেন আগা। ‘সেই হতাশা পেছনে ফেলতে চাই। এবার কিছু ভুল ঠিক করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ,’ বলেন ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেন পাকিস্তান অধিনায়ক। পাশাপাশি শ্রীলঙ্কায় খেলতে নিজের স্বাচ্ছন্দ্যের কথাও জানান তিনি। ‘শ্রীলঙ্কা আমার দ্বিতীয় ঘরের মতো। এখানকার মানুষ ভদ্র ও অতিথিপরায়ণ, এখানে খেলতে সবসময় ভালো লাগে,’ বলেন আগা।
আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র (১০ ফেব্রুয়ারি) ও নামিবিয়ার (১৮ ফেব্রুয়ারি) বিপক্ষেও একই ভেন্যুতে খেলবে তারা। ১৫ ফেব্রুয়ারি আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত থাকলেও পাকিস্তান সরকার দলকে সে ম্যাচে মাঠে নামতে নিষেধ করেছে।
গ্রুপ পর্ব শেষে চারটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট আটটি দল সুপার এইটে উঠবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল সূচি নির্ভর করবে পাকিস্তানের অগ্রগতির ওপর— পাকিস্তান শেষ চারে উঠলে নকআউট ম্যাচগুলো কলম্বোতেই হওয়ার সম্ভাবনা, নইলে সেমিফাইনাল ও ফাইনাল হবে যথাক্রমে কলকাতা ও আহমেদাবাদে।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।
মন্তব্য করুন








