আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে অনিশ্চয়তার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা থাকলেও পাকিস্তান সরকার আগেই ঘোষণা দিয়েছে, দলটি ভারতের বিপক্ষে মাঠে নামবে না।
বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে পিসিবিকে অনুরোধ করেছে যেন তারা এই অবস্থান থেকে সরে আসে। চিঠিতে টুর্নামেন্ট যৌথভাবে আয়োজনের প্রস্তুতি, অবকাঠামোগত বিনিয়োগ এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সুসম্পর্কের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন এসএলসি সভাপতি শামনি সিলভা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশের প্রতি সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ তাদের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদন জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা নাকচ করে দেয়। পরবর্তীতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে আইসিসি আগেই জানিয়েছে, কোনো দল নির্ধারিত ম্যাচে অংশ না নিলে সেটি ফরফিট হিসেবে গণ্য হবে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ভারতের পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সমাধান হয়নি।
গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে সফর করতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল। এরপরই দুই দেশের ম্যাচ ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় এবারের ম্যাচের আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিটের চাহিদা আগেই আকাশচুম্বী হয়ে উঠেছিল। কিন্তু পাকিস্তানের বয়কট অবস্থানের কারণে সেই আয়োজন এখন অনিশ্চয়তার মুখে।
টুর্নামেন্ট শুরু হচ্ছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে, যা কলম্বোতেই অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ১৫ ফেব্রুয়ারির মহারণ ঘিরে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটিই এখন ক্রিকেট দুনিয়ার বড় প্রশ্ন।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন








