ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস কোচিং করাতে গিয়ে মুখে বলের আঘাতে আহত হয়েছেন। কাউন্টি দল ডারহামের একাডেমির তরুণ ক্রিকেটারদের অনুশীলন সেশনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, নেটে ব্যাটিং অনুশীলনের সময় এক ব্যাটারের মারা বল সরাসরি স্টোকসের মুখে লাগে। তখন তিনি নেটের পাশেই দাঁড়িয়ে ছিলেন। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে অ্যাশেজ সিরিজ শেষে দেশে ফিরেই তরুণদের নিয়ে কাজ করছিলেন।
ঘটনার পর স্টোকস নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার গালে রক্তের দাগ, চোখের নিচে ফোলা ও কালশিটে স্পষ্ট দেখা যায়। ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, ‘ক্রিকেট বলটার অবস্থা দেখলে অবাক হতেন!’

তবে তিনি কতটুকু আঘাত পেয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকেও আনুষ্ঠানিক কোনো মেডিক্যাল আপডেট দেওয়া হয়নি।
স্টোকস সর্বশেষ খেলেছেন জানুয়ারির ৮ তারিখ সিডনিতে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে। সেই সিরিজে ৪-১ ব্যবধানে হেরে সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ড দল। সিরিজের শেষ দিকে তিনি অ্যাডাক্টর ইনজুরিতে ভুগছিলেন বলেও জানা যায়।
ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্স দলের সিরিজে কোচিং স্টাফের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন স্টোকস। মাঠে তার ফেরার সম্ভাবনা ধরা হচ্ছে ইংল্যান্ডের ঘরের মাঠের গ্রীষ্মকালীন মৌসুমে, যেখানে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে।
মন্তব্য করুন








