টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আবহাওয়া। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ অনুষ্ঠেয় ম্যাচটির আগে বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলো।
রোববারের ম্যাচকে কেন্দ্র করে আগেই সতর্ক ছিল দুই দলের টিম ম্যানেজমেন্ট। শনিবার রাতেই সম্ভাব্য বৃষ্টির আশঙ্কায় আর প্রেমাদাসা স্টেডিয়ামের খেলার পিচ ঢেকে রাখে গ্রাউন্ড স্টাফরা। এর আগের দিন আয়ারল্যান্ড–ওমান ম্যাচ চলাকালেও আকাশে ঘন মেঘ দেখা যায়, যা বড় ম্যাচের আগে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।
Weather update for Colombo!
According to Department of Meteorology, showers or thundershowers are likely after 2:00 PM.
Rain chances are expected to decline ️ by around 7:00 PM, but rainsin the morning and afternoon could leave a wet outfield.
Expected rainfall: 1020 mm. pic.twitter.com/D0aQrfxZw9— Sri Lanka Tweet (@SriLankaTweet) February 14, 2026
আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কলম্বো শহরে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়জুড়ে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশের বেশি থাকায় ম্যাচ শুরুর আগ পর্যন্ত মাঠ ভেজা থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সন্ধ্যা ৭টার পর, যেটি ম্যাচ শুরুর নির্ধারিত সময়, তখন বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসতে পারে—এটিই আয়োজক ও সমর্থকদের জন্য স্বস্তির খবর।
এদিকে আবহাওয়ার রাডার চিত্রে দেখা যাচ্ছে, ভারত মহাসাগর থেকে আসা বৃষ্টিবাহী মেঘের একটি বড় অংশ শ্রীলঙ্কার দক্ষিণ দিক ঘেঁষে অতিক্রম করছে এবং রাজধানী কলম্বোর পশ্চিম উপকূল এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে পুরো ম্যাচ আয়োজন সম্ভব হওয়ার আশাও পুরোপুরি শেষ হয়ে যায়নি।
দুই দলই চাইবে পূর্ণাঙ্গ ম্যাচ খেলতে, বিশেষ করে টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই ম্যাচের গুরুত্ব বিবেচনায়। আয়োজকদের জন্য স্বস্তির বিষয়, আর প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং বৃষ্টির মধ্যেও দ্রুত খেলার উপযোগী করে তোলার অভিজ্ঞতা রয়েছে গ্রাউন্ড স্টাফদের।
এ পর্যন্ত টুর্নামেন্টে শ্রীলঙ্কার আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার ছিল এবং ম্যাচগুলো নির্ধারিত সময়েই শেষ হয়েছে। তাই আজকের ভারত-পাকিস্তান মহারণও শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হবে—এমন আশাতেই অপেক্ষায় ক্রিকেটভক্তরা।
মন্তব্য করুন








