টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণের আগে পাকিস্তানের স্পিনার উসমান তারিককে নিয়ে কড়া মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করেন, তারিক মূলত একজন সাধারণ অফস্পিনার, যার বোলিংয়ে বিশেষ চমক নেই এবং ভারতীয় ব্যাটাররা তাকে ভালোভাবেই মোকাবিলা করতে পারবে।
শনিবার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাগাজিন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙ্গুলী বলেন, ‘টি-টোয়েন্টিতে কিছুই আগাম বলা কঠিন, তবে ভারত শক্তিশালী দল এবং তাদের হারানো সহজ নয়। উসমান তারিক একজন অফস্পিনার, সে ডেলিভারির সময় একটু থেমে বল ছাড়ে—এটাই তার বিশেষত্ব। ভারতীয় ব্যাটাররা তাকে ভালোভাবেই খেলবে।’
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’–এর ম্যাচে রোববার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। স্পিন সহায়ক উইকেটে এটি হবে ভারতীয় ব্যাটারদের বিপক্ষে তারিকের প্রথম বড় পরীক্ষা। এখন পর্যন্ত মাত্র চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১ উইকেট নেওয়ায় তাকে পাকিস্তান শিবিরে ‘এক্স–ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভারতের একাদশ প্রসঙ্গে গাঙ্গুলী বলেন, পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামা উচিত ভারতের। তার মতে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং বোলিং আক্রমণের মূল ভরসা হওয়া উচিত। ব্যাটিং ভারসাম্য বজায় রাখতে রিঙ্কু সিংকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে নেওয়ার পক্ষেও নন তিনি।
এ ছাড়া সম্প্রতি পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়া ওপেনার অভিষেক শর্মার প্রসঙ্গেও কথা বলেন গাঙ্গুলী। তার ভাষায়, ‘একজন ব্যক্তির ওপর দল নির্ভর করে না, দলই আসল।’
পাকিস্তান দলের বর্তমান মান নিয়েও প্রশ্ন তোলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি। তিনি বলেন, ‘ইনজামাম উল হক, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের সময়ের পাকিস্তান দল ভিন্ন ছিল। সেই মানের ব্যাটিং গুণ এখন আর নেই।’
সব মিলিয়ে, ম্যাচের আগে কথার লড়াইয়ে এগিয়ে থাকলেও শেষ হাসি কে হাসবে, তা নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্সই।
সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন








