টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের আগেই নতুন করে আলোচনায় এসেছে করমর্দন বিতর্ক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’–এর ম্যাচের টসে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাবেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
চলমান বিশ্বকাপে এটি দুই দলেরই তৃতীয় গ্রুপ ম্যাচ। আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, ভারতীয় দল আগের মতোই ‘নো-হ্যান্ডশেক’ নীতি বজায় রাখতে পারে এবং টসের সময় প্রথাগত করমর্দন এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
গত বছর এশিয়া কাপের পর থেকেই ভারতীয় দল এই নীতি অনুসরণ করছে বলে জানা যায়। দুই দেশের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকেই এমন অবস্থান নেয় ভারতীয় ক্রিকেট মহল। শনিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সূর্যকুমার সরাসরি কিছু না বলে রহস্য রেখে দেন। তার সংক্ষিপ্ত জবাব ছিল, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন, কাল দেখবেন।’
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা করমর্দন প্রসঙ্গে সংযত প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, খেলাটি সবসময় ক্রীড়াসুলভ মনোভাবেই হওয়া উচিত এবং করমর্দনের সিদ্ধান্ত ভারতের খেলোয়াড়দের ওপরই নির্ভর করছে।
ম্যাচটি ঘিরে এর আগেও নাটকীয়তা তৈরি হয়েছিল। কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ বয়কটের ইঙ্গিত দিয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ পায়। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনার পর পাকিস্তান খেলতে সম্মত হয়।
ভারত-পাকিস্তান ম্যাচটি বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শকপ্রিয় এবং আইসিসির অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হিসেবে বিবেচিত।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন








