টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার (১৫ ফেব্রুয়রি) শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’–এর এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
দুই দলই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকায় ম্যাচটি ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত ও পাকিস্তান—ফলে গ্রুপের শীর্ষ অবস্থান নিশ্চিতের দিক থেকে এই ম্যাচের গুরুত্ব অনেক।
একাদশ
পাকিস্তান: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, আবরার আহমেদ ও উসমান তারিক।
ভারত: অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এর মধ্যে ভারত জিতেছে ১৩টি ম্যাচে, পাকিস্তানের জয় ৩টি। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও ভারতের আধিপত্য স্পষ্ট—এ পর্যন্ত আটবারের দেখায় ভারত জয় পেয়েছে ৭টিতে, পাকিস্তান জিতেছে মাত্র একবার।
সবশেষ বিশ্বকাপ আসরে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২০ রানের লক্ষ্য সফলভাবে রক্ষা করে ছয় রানের জয় পেয়েছিল ভারত।
সাম্প্রতিক ফর্মের বিচারে দুই দলই আত্মবিশ্বাসী। পাকিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটে টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে মাঠে নামছে। অন্যদিকে ভারতের শেষ পাঁচটি সম্পন্ন টি-টোয়েন্টি ম্যাচে রয়েছে চার জয় ও এক হার। চলতি বিশ্বকাপেও উভয় দলই এখন পর্যন্ত অপরাজিত।
পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম—দুই দিক থেকেই ম্যাচটি সমানে সমান উত্তেজনা ছড়াচ্ছে, আর ক্রিকেটবিশ্ব তাকিয়ে আছে এই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ের ফলাফলের দিকে।
মন্তব্য করুন








