মুখে গুরুতর আঘাত পাওয়ার পর থেকে ব্যাটিংয়ের সময় সব পরিস্থিতিতেই হেলমেট পরার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। সম্প্রতি চোখে বলের আঘাতে অস্ত্রোপচার করতে হওয়ায় নিরাপত্তা নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চান না এই তারকা অলরাউন্ডার।
চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ডান চোখ ও গালে গুরুতর ফোলা ও কালশিটে পড়া একটি ছবি শেয়ার করেন স্টোকস। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘দেখতে যতটা খারাপ লাগছে, অস্ত্রোপচার সফল হয়েছে।’
জানা গেছে, ডারহামের একটি ইনডোর ক্রিকেট সেন্টারে একাডেমির খেলোয়াড়দের কোচিং করানোর সময় মুখে বলের আঘাত পান তিনি।
I never understood the no helmet when spin is bowling , tbf I used to have throw downs with no helmet ️
After my accident last week and getting seriously lucky with the outcome Ill never not wear a helmet , cricket balls do serious damage !!!!— Ben Stokes (@benstokes38) February 15, 2026
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় স্টোকস বলেন, স্পিনার বোলিং করার সময়ও অনেক ব্যাটারকে হেলমেট ছাড়া খেলতে দেখে তিনি অবাক হন। তার ভাষায়, ‘আমি কখনোই বুঝিনি কেন স্পিনার বল করার সময় হেলমেট ছাড়া খেলা হয়। আমিও আগে নেটে থ্রোডাউন নেওয়ার সময় হেলমেট পরতাম না। কিন্তু গত সপ্তাহের দুর্ঘটনার পর বুঝেছি আমি ভাগ্যবান ছিলাম। এখন থেকে আর কখনো হেলমেট ছাড়া ব্যাটিং করব না—ক্রিকেট বল ভয়ংকর ক্ষতি করতে পারে।’
এদিকে ইনস্টাগ্রাম স্টোরিতেও স্টোকস মজার ছলে লিখেছিলেন, ‘ক্রিকেট বলটার অবস্থা দেখলে অবাক হতেন।’ ছবিতে তার চোখের নিচে গভীর কালচে দাগ, গালে ক্ষতচিহ্ন এবং নাকে ব্যান্ডেজ দেখা যায়।
বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ১–৪ ব্যবধানে হারের পর থেকেই তিনি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। সিরিজে পারফরম্যান্স ও প্রস্তুতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড দল, এমনকি অধিনায়ক হিসেবে স্টোকসের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যে একটি স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়া শুরু করেছে।
তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, অধিনায়ক হিসেবে স্টোকস আপাতত নিরাপদ থাকলেও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের ভবিষ্যৎ অনিশ্চিত। স্টোকসের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে।
মন্তব্য করুন








