ইশান কিশানের বিধ্বংসী অর্ধশতকে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়ে তুলেছে ভারত। রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।
টসে জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শুরুতে সফল মনে হলেও শেষ পর্যন্ত ভারতের ব্যাটিং দৃঢ়তায় তা কাজে লাগেনি। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। চার বল খেলে কোনো রান না করেই আউট হন টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা।
তবে সেই ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ান ওপেনার ইশান কিশান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে মাত্র ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়েন তিনি। পাকিস্তানি বোলারদের ওপর আধিপত্য দেখিয়ে ইনিংস এগিয়ে নেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রান করে সাজঘরে ফেরেন কিশান।
কিশানের বিদায়ের পর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব সতর্ক ব্যাটিংয়ে ৩৮ রানের জুটি গড়েন। তিলক ২৪ বলে ২৫ রান করেন দুটি চার ও একটি ছক্কার সাহায্যে। তবে একপর্যায়ে টানা দুই বলে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়াকে (০) আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পাকিস্তান।
১৪.৩ ওভারে ৪ উইকেটে ১২৬ রান থাকা অবস্থায় ক্রিজে আসেন শিবম দুবে। অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে দলের গতি ধরে রাখেন তিনি। সূর্যকুমার ২৯ বলে ৩২ রান করেন তিনটি চারের সাহায্যে। দুবে শেষ দিকে ১৭ বলে ২৭ রান করে আউট হন, ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা।
বল হাতে পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল ছিলেন সাইম আইয়ুব। চার ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারিক একটি করে উইকেট শিকার করেন।
কিশানের ঝোড়ো ইনিংস ও মাঝের সারির অবদানে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং লক্ষ্যই দাঁড় করাতে সক্ষম হয়েছে ভারত, যা তাড়া করতে পাকিস্তানকে করতে হবে বিশেষ কিছু।
মন্তব্য করুন








