ইশান কিশানের বিধ্বংসী অর্ধশতক ও বোলারদের সম্মিলিত নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই লড়াইয়ে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ভারতের পেস জুটি জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার আঘাতে মাত্র ১৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার—সাহেবজাদা ফারহান (০), সাইম আইয়ুব (৬) ও অধিনায়ক সালমান আলি আগা (৪)—সাজঘরে ফেরেন।
এরপর পঞ্চম নম্বরে নেমে একাই লড়াই চালান উইকেটকিপার–ব্যাটার উসমান খান। বাবর আজমের সঙ্গে ছোট একটি জুটি গড়লেও বাবর ৫ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। পরে শাদাব খানের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন উসমান। শেষ পর্যন্ত ৩৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৪ রান করে আউট হন তিনি, যা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ।
উসমানের বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ নওয়াজ (৪) ও শাদাব খান (১৪) পরপর আউট হলে ১২.১ ওভারে ৭৮/৭ হয়ে পড়ে দলটি। শেষ দিকে ফাহিম আশরাফ (১০) ও শাহিন শাহ আফ্রিদি কিছু রান যোগ করলেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। শেষ ব্যাটার উসমান তারিককে বোল্ড করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন হার্দিক পান্ডিয়া।
ভারতের হয়ে বুমরাহ, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। কুলদীপ যাদব ও তিলক ভার্মা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টসে জিতে পাকিস্তান আগে ফিল্ডিং নিলেও ভারতের ব্যাটিং দৃঢ়তায় সেই সিদ্ধান্ত কাজে লাগেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। ইনিংসের শুরুতেই শূন্য রানে অভিষেক শর্মার বিদায়ে ধাক্কা খেলেও ওপেনার ইশান কিশান ও তিলক ভার্মার ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি।
কিশান ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান করেন। পরে সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ ও শিবম দুবে ১৭ বলে ২৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহ এনে দেন।
বল হাতে পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। সালমান আলি আগা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক একটি করে উইকেট পান।
ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল ভারত।
মন্তব্য করুন








