ভারতের বিপক্ষে হতাশাজনক হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের কাছে পরাজয়ের পর স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে পরবর্তী ম্যাচে বেঞ্চে বসানোর পরামর্শ দেন।
আফ্রিদির মতে, দীর্ঘদিন ধরে একই সিনিয়র খেলোয়াড়দের ওপর নির্ভর করেও প্রত্যাশিত ফল পাচ্ছে না পাকিস্তান। তাই নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তরুণদের সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন তিনি।
‘আমি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতাম, তাহলে বাবর, শাহিন আর শাদাব—তিনজনকেই বেঞ্চে বসাতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তরুণদের ওপরই ভরসা করতাম,’ সাক্ষাৎকারে বলেন আফ্রিদি।
সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, বড় ম্যাচে সিনিয়রদের কাছ থেকে দল যেভাবে পারফরম্যান্স আশা করে, তা অনেক সময়ই মিলছে না। তার প্রশ্ন, ‘সিনিয়ররা যদি ধারাবাহিকভাবে দিতে না পারে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের সুযোগ দেওয়া হবে না কেন?’
ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার পর স্পিননির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই কৌশল কার্যকর হয়নি। ওপেনার ঈশান কিশানের ঝোড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান তোলে ভারত।
পাকিস্তানের স্পিন জুটি আবরার আহমেদ ও শাদাব খানের দিনটি ছিল একেবারেই বিবর্ণ। আবরার তিন ওভারে দেন ৩৮ রান, শাদাব এক ওভারেই খরচ করেন ১৭ রান—কেউই উইকেট পাননি। ম্যাচ শেষে অধিনায়ক সালমান আলি আগা তাদের পারফরম্যান্সকে ‘অফ ডে’ বলে উল্লেখ করেন। পেসারদের মধ্যে কেবল শাহিন আফ্রিদিই কিছুটা প্রভাব রাখতে পেরেছিলেন; দুই ওভারে ৩১ রান দিয়ে নেন একটি উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় দলটি। আগা স্বীকার করেন, শুরুতেই ধাক্কা খাওয়ায় পুরো ইনিংসজুড়েই তাদের পিছিয়ে পড়তে হয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার কলম্বোতেই নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
মন্তব্য করুন








