বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে সোমবার সকালে বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে বিষয়টি জানান তিনি।
বিসিবির এক পরিচালক এশিয়া পোস্টকে বলেন, সকালে আমরা মেসেজটা পাই। তার পরিবার অস্ট্রেলিয়া থাকেন। এবারের যাওয়াটা আগে থেকেই শিডিউলড ছিল না কি না সেটা বলতে পারছি না।
পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় বুলবুল নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে সহযোগিতা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি আসন্ন পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দ্রুত দেশে ফেরার আশ্বাসও দেন বিসিবি সভাপতি।
দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সময়েই বুলবুলের এই বিদেশযাত্রা সামনে এসেছে। আগামীকাল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং মন্ত্রিসভা ঘোষণার কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে বিসিবি সভাপতির দেশের বাইরে থাকা নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন








