বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন— এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে প্রমাণ করে সোমবার (২৬ জানুয়ারি) নিজেই বিসিবিতে উপস্থিত হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে চলমান অস্থিরতার মধ্যে তার দেশত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও বাস্তবে তিনি ঢাকাতেই রয়েছেন এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে যুক্ত আছেন।
সোমবার বেলা ১১টার দিকে মিরপুরে বিসিবির কার্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী ম্যাচ রেফারি প্রশিক্ষণ কর্মসূচিতে সশরীরে অংশ নেন বুলবুল। কিংবদন্তি আম্পায়ার সাইমন টাওফেলের নেতৃত্বে পরিচালিত ‘আম্পায়ার্স এডুকেশন’ প্রোগ্রামে তিনি উপস্থিত থেকে বক্তব্য দেন এবং টাওফেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলেন।
এর আগে রোববার সন্ধ্যা ও গভীর রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, কোনো রিটার্ন টিকিট না কেটেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। এমনকি বিষয়টি নিয়ে রাত পর্যন্ত ধোঁয়াশা তৈরি হয়। তবে সোমবার সকালে সরেজমিনে বিসিবিতে তার উপস্থিতি সেই সব গুজবের অবসান ঘটিয়েছে।
বুলবুল অতীতে দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক প্রয়োজনে একাধিকবার অস্ট্রেলিয়া সফর করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তার সম্ভাব্য দেশত্যাগের খবর বেশি গুরুত্ব পায়, কারণ দেশের ক্রিকেট এখন এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া, আইসিসির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক, বিপিএলে ক্রিকেটারদের বয়কট, এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং সংক্রান্ত অভিযোগ এবং একাধিক পরিচালকের পদত্যাগ— সব মিলিয়ে বিসিবি এখন তীব্র চাপের মধ্যে রয়েছে।
সদ্য এক পরিচালক অডিট কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং আরেক পরিচালক পদত্যাগ করেছেন। পাশাপাশি আরও কয়েকজন পরিচালকের ভবিষ্যৎ নিয়েও নানা গুঞ্জন রয়েছে। এমন টালমাটাল সময়ে বিসিবি সভাপতির দেশ ছাড়ার খবর সত্য হলে বোর্ডে বড় ধরনের নেতৃত্বশূন্যতা তৈরি হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম বুলবুল দেশেই রয়েছেন এবং চলমান সংকট মোকাবিলায় বিসিবির কার্যক্রমে সরাসরি যুক্ত আছেন।
মন্তব্য করুন








