আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে জয়ের মুখ দেখল আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ৫ উইকেটে হারিয়ে চলতি আসরে প্রথম জয় তুলে নেয় দলটি। জয়ের ভিত গড়ে দেন ওপেনার ইব্রাহিম জাদরান, খেলেন দায়িত্বশীল অর্ধশতকের ইনিংস।
১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই রাহমানুল্লাহ গুরবাজ শূন্য রানে ফিরলে চাপে পড়ে দল। এরপর ইব্রাহিম জাদরান ও গুলবাদিন নাইব মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। গুলবাদিন ১৩ রান করে ফিরলেও জাদরান ধীরে-সুস্থে এগিয়ে নেন দলকে। সেদিকুল্লাহ আতালও ছোট একটি ইনিংস খেলেন, তবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা।
ইব্রাহিম জাদরান ৪১ বলে ৫৩ রান করে আউট হওয়ার পর ম্যাচে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও দারবিশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। রাসুলি ২৩ বলে ৩৩ রান করে বিদায় নিলেও শেষদিকে ওমরজাইয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের পথ পরিষ্কার হয়। ২১ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসে দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে আফগানিস্তান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইউএইও শুরুতেই বিপর্যয়ে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার আরিয়ানশ শর্মা শূন্য রানে ফিরেন। পরের ওভারেই অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম এলবিডব্লিউ হলে স্কোর দাঁড়ায় ১৩/২। সেখান থেকে আলিশান শারাফু ও সোহাইব খান জুটি গড়ে দলকে টেনে তোলেন। তৃতীয় উইকেটে তাদের ৮৪ রানের জুটিতে ইউএই লড়াইয়ে ফেরে।
শারাফু ৩১ বলে ৪০ রান করে ফিরলেও সোহাইব খান আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। ৪৮ বলে ৬৮ রানের ইনিংসে ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। তবে মাঝের ওভারে হঠাৎ ধস নামে ইউএই ব্যাটিংয়ে। হর্ষিত কৌশিক ও মোহাম্মদ আরফান শূন্য রানে আউট হলে চাপে পড়ে দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে ইউএই।
বল হাতে আফগানিস্তানের সেরা পারফরমার ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। মুজিব উর রহমান দুটি এবং রশিদ খান একটি উইকেট শিকার করেন। ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রেখে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন ওমরজাই, যা আফগানিস্তানের প্রথম জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।
মন্তব্য করুন








