টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হতে পারে খুব শিগগিরই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, আগামী শুক্রবার অথবা সর্বোচ্চ আগামী সোমবারের মধ্যেই বিশ্বকাপে খেলবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর নকভি বিষয়টি নিশ্চিত করেন। বৈঠকটিকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আইসিসি–সংক্রান্ত ইস্যুতে সব বিকল্প খোলা রেখে সমাধানের নির্দেশ দিয়েছেন।
এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় নকভি লেখেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি তাকে অবহিত করেছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে—শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর থেকেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশকে সরিয়ে দেওয়ার ঘটনায় আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি।
এই প্রেক্ষাপটে পাকিস্তানও বাংলাদেশকে সমর্থন জানিয়ে প্রয়োজনে টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দেয়। যদিও ইতোমধ্যে পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে, তবু বোর্ড স্পষ্ট করেছে—এটি অংশগ্রহণের চূড়ান্ত নিশ্চয়তা নয়।
সব মিলিয়ে, দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতির জটিল বাস্তবতায় পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যৎ এখন সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে। আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে—টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নামছে, নাকি পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে।
Had a productive meeting with the Prime Minister Mian Muhammad Shahbaz Sharif. Briefed him on the ICC matter, and he directed that we resolve it while keeping all options on the table. It was agreed that the final decision will be taken either on Friday or next Monday. pic.twitter.com/6SOvNdLceW
— Mohsin Naqvi (@MohsinnaqviC42) January 26, 2026
মন্তব্য করুন








