টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশের বাদ পড়া নিয়ে এবার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ভারত বাংলাদেশকে বিশ্বকাপে খেলাতে আগ্রহী ছিল এবং পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছিল। তবে পাকিস্তানের উসকানি ও ভুল পরামর্শের কারণেই বাংলাদেশ কঠোর অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজীব শুক্লা বলেন, বাংলাদেশ দল ভারতে খেলতে রাজি হলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিসিআই। তার ভাষায়, ‘আমরা বাংলাদেশকে খেলাতে চেয়েছিলাম। পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছিলাম। কিন্তু তারা জানিয়েছে, তারা ভারতে দল পাঠাতে পারবে না। সে কারণেই পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরুতে আইসিসির কাছে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বদলানো কঠিন জানিয়ে সেই প্রস্তাব নাকচ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপরও বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়।
রাজীব শুক্লা বলেন, শেষ মুহূর্তে পুরো সূচি পরিবর্তন করা বাস্তবসম্মত ছিল না। ‘এত অল্প সময়ে পুরো সূচি পাল্টানো অত্যন্ত জটিল কাজ। তাই আইসিসি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে,’ তিনি জানান।
পাকিস্তানের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন শুক্লা। তার অভিযোগ, বাংলাদেশকে প্ররোচিত করতে সক্রিয়ভাবে জড়িয়েছে পাকিস্তান।
‘পাকিস্তান অপ্রয়োজনে এতে জড়াচ্ছে এবং বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করছে। তারা বাংলাদেশকে উসকানি দিচ্ছে এবং বিষয়টিকে আরও ঘোলাটে করছে,’ বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, অতীত ইতিহাস সত্ত্বেও পাকিস্তান এখন বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।
‘পাকিস্তান যে অতীতে বাংলাদেশের সঙ্গে কী করেছে, তা সবার জানা। এখন নিজেদের স্বার্থে তারা বন্ধুর ভান করে বাংলাদেশকে বিভ্রান্ত করছে, যা ঠিক নয়,’ যোগ করেন শুক্লা।
এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন








