টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসি ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর এবার বাংলাদেশি সাংবাদিকদেরও টুর্নামেন্ট কাভারের অনুমতি দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্ত দেশের গণমাধ্যম অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে প্রশ্ন উঠেছে—কেন সাংবাদিকদেরও এই সুযোগ দেওয়া হলো না?
আইসিসি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বক্তব্য এবং ভারত সফরকে ঘিরে ‘নিরাপত্তা উদ্বেগ’-সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশি সাংবাদিকদের ভিসা ও অ্যাক্রেডিটেশন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনডিটিভিকে দেওয়া এক আইসিসি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারত ভ্রমণকে ‘অনিরাপদ’ হিসেবে তুলে ধরায় আইসিসি এই অবস্থান নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ‘সরকারি পর্যায় থেকে নিরাপত্তা নিয়ে আপত্তির কথা বলা হয়েছে বলেই ভিসা ও অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, জাতীয় দল অংশ না নিলেও সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার সুযোগ থাকা উচিত ছিল। তিনি উদাহরণ দিয়ে বলেন, অতীতেও বাংলাদেশ দল না খেললেও আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করতে দেশের সাংবাদিকরা গিয়েছেন।
আমজাদ হোসেন বলেন, ‘পূর্ণ সদস্য দেশ হিসেবে আমাদের সাংবাদিকদের সেই সুযোগ দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার মার্কেট। বাংলাদেশ না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে—আমাদের দর্শকদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের সেখানে থাকার সুযোগ পাওয়া দরকার ছিল।’
বিসিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিশ্বকাপে না খেলা এবং সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন—এই দুটি বিষয় এক করে দেখার সুযোগ নেই। নিরাপত্তা উদ্বেগের কারণে নির্দিষ্ট ভেন্যুতে খেলতে না চাওয়ার অনুরোধ জানানো হয়েছিল, পুরো টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত আগে থেকেই ছিল না বলেও উল্লেখ করেন আমজাদ হোসেন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ক্রিকেট নয়, কূটনৈতিক ও মিডিয়া পর্যায়েও প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপ ঘিরে আইসিসি ও বাংলাদেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল সেই টানাপোড়েনকে আরও দৃশ্যমান করে তুলেছে।
মন্তব্য করুন








