ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ড গাজা উপত্যকায় স্থায়ী ‘শান্তি প্রতিষ্ঠা’ ও যুদ্ধপরবর্তী প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে ‘শান্তি পরিষদ’ গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে রাশিয়া।
সোমবার (১৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স ক্রেমলিনের একটি সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, রাশিয়াকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মস্কো এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং মস্কো এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করবে বলে আশা করা হচ্ছে।
‘বোর্ড অব পিস’ আসলে কী?
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এই বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ, পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তদারকি করবে। ট্রাম্প এই বোর্ডে যোগ দিতে ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ৬০টি দেশকে আমন্ত্রণ পাঠিয়েছেন।
বোর্ডের খসড়া অনুযায়ী, কোনো দেশ যদি তিন বছরের বেশি সময় এই বোর্ডে প্রভাব ধরে রাখতে চায়, তবে তাকে অন্তত ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার নগদ অনুদান দিতে হবে। এই অর্থ গাজার পুনর্গঠনে ব্যয় করা হবে।
ট্রাম্পের শান্তি উদ্যোগে এখনো সাড়া দেয়নি ভারত। প্রতিবেশী দেশ পাকিস্তান ইতোমধ্যে এই উদ্যোগে সাড়া দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহকেও এই বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে।
ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন। এ ছাড়া এর নির্বাহী কমিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো ব্যক্তিদের নাম প্রস্তাব করা হয়েছে।
মন্তব্য করুন








