আফগানিস্তানের কাবুলে সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত শাহর-ই-নওয়ের একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় কর্তকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
তবে বিস্ফোরণের কারণ ও হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
কাবুল পুলিশ কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান জানান, সোমবার রাজধানীর শাহর-ই-নও এলাকায় শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। জানতে পেরেছি বিস্ফোণটি একটি হোটেলে ঘটেছে। ঘটনাস্থলটি কাবুলের সবচেয়ে নিরাপদ এলাকাগুলোর মধ্যে অন্যতম।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিস্ফোরণের একটি ভিডিও প্রচার করেছে স্থানীয় টেলিভিশন টোলো নিউজ। ভিডিওটি একটি গাড়ি থেকে ধারণ করা। তাতে রাস্তায় লোকজন হুড়োহুড়ি করে দৌড়াচ্ছে এবং আকাশে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা আবার ক্ষমতায় ফিরে আসে। এর পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনা তুলনামূলকভাবে কমে এসেছে। তবে দেশটিতে এখনো আইএসআইএলের (আইএসআইএস) সহযোগী ও স্থানীয় শাখা সক্রিয় রয়েছে এবং তারা বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
২০২৫ সালে আফগানিস্তান অন্তত দুটি আত্মঘাতী হামলার সম্মুখীন হয়েছে।
দীর্ঘদিন সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা দখলের পর তালেবানরা দেশজুড়ে নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিলেও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। চলমান হামলাগুলোর বেশিরভাগের দায় স্বীকার করেছে আইএসআইএলের স্থানীয় শাখা।
মন্তব্য করুন








