গ্রিনল্যান্ড সংকটের কারণে ন্যাটোর পরিস্থিতি কঠিন বলে জানিয়েছেন নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোর ও. স্যান্ডভিক। তবে প্রতিপক্ষ রাশিয়ার দিকে নজর রাখার বিষয়ে পশ্চিমা মিত্রদের আহ্বান জানান তিনি।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানী অসলোতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে রাশিয়াকে পশ্চিমাদের জন্য একমাত্র হুমকি বলে উল্লেখ করেন টোর ও. স্যান্ডভিক। খবর রয়টার্স।
তিনি বলেন, সময়টা কঠিন এবং ন্যাটোর পরিস্থিতিও কঠিন। তবু ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর জন্য বর্তমানে রাশিয়াই প্রধান নিরাপত্তা ঝুঁকি।
নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এতে করে আঞ্চলিক সামরিক সহযোগিতার জোট ন্যাটোর ঐক্যে ফাটল ধরাচ্ছে। আশা করা হচ্ছে, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকেও তিনি এই দাবি আবার তুলবেন।
ন্যাটোর সদস্যরাষ্ট্র নরওয়ে ও রাশিয়ার আর্কটিকে সরাসরি সীমান্ত রয়েছে। এই এলাকায় নরওয়ে রাশিয়ার কোলা উপদ্বীপে থাকা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর ওপর নজর রাখে। সেখানে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার বড় একটি অংশ অবস্থান করছে।
এ ছাড়া, এই অঞ্চলেই রাশিয়ার নর্দার্ন ফ্লিটের ঘাঁটি রয়েছে। এই নৌবহর উত্তর আটলান্টিকে যেতে হলে নরওয়ের সোয়ালবার্ড দ্বীপপুঞ্জ ও ইউরোপের উত্তর উপকূলের মাঝের ব্যারেন্টস সাগর দিয়ে যেতে হয়, যা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন








