গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকিতে আরও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এখান থেকে আর পিছু হটার সুযোগ নেই এবং গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তিনি কতদূর যেতে প্রস্তুত। উত্তরে তিনি বলেন, আপনারা তা জানতে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিয়মহীন একটি বিশ্বের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে সতর্কবার্তা দেন। একই সময়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, পুরোনো বিশ্বব্যবস্থা আর ফিরে আসছে না।
ট্রাম্প বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে অনেক বৈঠকের সময়সূচি নির্ধারিত আছে।
বিবিসির পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয়, গ্রিনল্যান্ড পাওয়ার বিনিময়ে ন্যাটো জোট ভেঙে যাওয়ার ঝুঁকি তিনি নিতে রাজি কি না। উত্তরে ট্রাম্প বলেন, ‘ন্যাটোকে আমি যতটা সাহায্য করেছি, আর কেউ করেনি, সব দিক থেকেই।’ তিনি আরও বলেন, ‘ন্যাটো খুশি থাকবে, আমরাও খুশি থাকব। বিশ্ব নিরাপত্তার জন্য আমাদের এটা দরকার।’
তবে এর আগেই তিনি প্রশ্ন তোলেন, প্রয়োজন হলে ন্যাটো কি যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে এগিয়ে আসবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি জানি আমরা ন্যাটোর সাহায্যে ছুটে যাব, কিন্তু সত্যি বলতে আমি সন্দেহ করি— ওরা কি আমাদের সাহায্যে আসবে?’
মন্তব্য করুন








