মারণব্যধি ক্যানসারের কাছে হার মেনে চলে গেলেন অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ। তার বয়স ছিল ৮২ বছর।
বুধবার (২১ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।
কিংবদন্তি এই নায়ক দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এছাড়া হার্টের সমস্যাও ছিল তার। এর আগে দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।
এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
জাভেদের জন্ম ১৯৪৪ সালে, ব্রিটিশ ভারতের পেশাওয়ারে। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। ব্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।
মন্তব্য করুন








