দুই দশক পর সিলেট সফরে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত আটটার দিকে তিনি সিলেট পৌঁছান। এরপর প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন। রাত পৌনে ১টায় শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর পৌঁছেন তারেক রহমান।
এ সময় উৎসুক জনতা ও হাজারো নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। দীর্ঘদিন পর আপনাদের এলাকায় এসেছি। আমি মালিক সাহেবকে এই আসনে ধানের শীষের প্রার্থী করেছি। ধানের শীষকে বিজয়ী করে আপনারা মেয়ের সম্মান রক্ষা করবেন।’
স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে আগে থেকে অবস্থান করছিলেন স্থানীয় বিএনপি ও উৎসুক কয়েক হাজার মানুষ। ভিড় ঠেলে তারেক রহমান ও জুবাইদা রহমান বাড়িতে প্রবেশ করেন। স্বজন ও স্থানীয় লোকজন তাকে জামাই হিসেবে নানা স্লোগানে বরণ করে নেন। তারেক রহমানকে স্বাগত জানাতে ‘রাহাত মঞ্জিল’ নামের এই বাড়িতে সাজসজ্জা ও বাড়ির প্রবেশপথে তোরণ নির্মাণ করেন স্বজনরা।
দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ড. জুবাইদা রহমানের পরিবার ও স্থানীয় বিএনপি। ১২ হাজার নেতাকর্মীর জন্য ৪৩ হাড়ি খাবার রান্না করা হয়।
বৃহস্পতিবার সকালে সিলেটে প্রথম নির্বাচনি জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান। এরপর ঢাকায় ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে নির্বাচনি সভায় বক্তব্য দিবেন।
মন্তব্য করুন








