অবসর নিয়েছেন প্রায় এক দশক আগে, তবু ‘বিশ্বের দ্রুততম মানব’ তকমাটা আজও উসাইন বোল্টের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। আর সেই কিংবদন্তিই এবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মজা করেই হোক বা ইঙ্গিতে— ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেননি আটবারের অলিম্পিক সোনাজয়ী এই স্প্রিন্টার।
২০১৭ সালে লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পর প্রতিযোগিতামূলক দৌড় থেকে বিদায় নেন বোল্ট। তার আগে টানা তিন অলিম্পিক; বেইজিং ২০০৮, লন্ডন ২০১২ ও রিও ২০১৬— ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস গড়েন জ্যামাইকান তারকা। ২০০৯ বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপে গড়া ৯.৫৮ সেকেন্ড (১০০ মিটার) ও ১৯.১৯ সেকেন্ড (২০০ মিটার) রেকর্ড আজও অক্ষত।
বর্তমানে বয়স ৩৯ হলেও বোল্ট স্বীকার করেন, ‘বিশ্বের দ্রুততম মানুষ’ হিসেবে পরিচিত হওয়াটা এখনো তাকে রোমাঞ্চিত করে। এসকোয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিচয় কখনো পুরোনো লাগে না। সেখানেই মজার ছলে যোগ করেন, ডাক এলে ২০২৮ অলিম্পিকে অংশ নিতে তিনি ‘প্রস্তুত’!
তবে দৌড় নয় বোল্টের এই মন্তব্যের পেছনে ছিল ভিন্ন এক প্রেক্ষাপট। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট, তাও টি-টোয়েন্টি ফরম্যাটে। জ্যামাইকার সাবেক এই অ্যাথলেটের ক্রিকেটপ্রীতি নতুন নয়। তাই প্রশ্ন উঠেছিল— ক্রিকেটার হিসেবে কি দেখা যেতে পারে তাকে? জবাবে বোল্ট বলেন, তিনি এখন পেশাদার খেলাধুলা থেকে সুখেই অবসর উপভোগ করছেন, তবে ডাক এলে প্রস্তুত থাকবেন।
সব মিলিয়ে, বাস্তবে ট্র্যাকে বোল্টের প্রত্যাবর্তন প্রায় অসম্ভব হলেও তার মন্তব্য অলিম্পিকপূর্ব উত্তেজনায় বাড়তি রং যোগ করেছে। নোয়া লাইস, ফ্রেড কারলির মতো বর্তমান প্রজন্মের তারকারা যতই চেষ্টা করুন না কেন, বোল্টের ছায়া যে এখনো বিশ্ব অ্যাথলেটিকসে অটুট এই আলোচনাই তার প্রমাণ।
মন্তব্য করুন








