টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থায় এবার আরও কঠোর অবস্থান জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে আইসিসির। কারণ, এতে বিশ্ব ক্রিকেট হারাবে বাংলাদেশি দর্শক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীতে ক্রিকেটারদের সঙ্গে সরকারের বৈঠক শেষে স্পষ্ট হয়ে যায়, বাংলাদেশ এখনও আগের সিদ্ধান্তেই অটল। এই প্রেক্ষাপটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, বাংলাদেশের মতো ক্রিকেটপ্রিয় দেশের অনুপস্থিতি বিশ্বকাপের জন্য বড় ধাক্কা হবে। বাংলাদেশ শুধু একটি দল নয়, বরং কোটি কোটি দর্শকের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ না থাকলে টুর্নামেন্টে বিপুলসংখ্যক দর্শক হারাবে আইসিসি, যা বিশ্ব ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
বিসিবি সভাপতি আরও জানান, বোর্ড শুরু থেকেই আশা করেছিল আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে নমনীয় হবে। কিন্তু আইসিসির সিদ্ধান্তে সে সম্ভাবনা তৈরি হয়নি। তবুও বিসিবি শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে না এসে চেষ্টা চালিয়ে যাবে বলে ইঙ্গিত দেন তিনি।
বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ প্রসঙ্গে বুলবুল বলেন, যেখানে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ, সেখানে বাংলাদেশের মতো বড় ক্রিকেট বাজার ও আবেগী সমর্থকগোষ্ঠীকে হারানো আইসিসির জন্য কৌশলগতভাবে ক্ষতিকর হবে।
বুলবুল বলেন, ক্রিকেট অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হওয়ার পথে এগোচ্ছে এবং আগামী বছরগুলোতে বড় ক্রীড়া আসরগুলোতে ক্রিকেটের ভূমিকা আরও বাড়বে। এমন সময় একটি বড় ক্রিকেটপ্রিয় দেশের অনুপস্থিতি শুধু টুর্নামেন্টের মানেই নয়, স্বাগতিক ও আয়োজকদের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন








