টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে অবশেষে সিদ্ধান্তের দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট। আজ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারা। এই বৈঠকেই নির্ধারিত হতে পারে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে, নাকি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে।
বিকেলের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। মাঠের প্রতিনিধিত্ব করতে সেখানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী ও সাইফ হাসানসহ একাধিক জাতীয় দলের ক্রিকেটার।
বৈঠক শুরুর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দলের ভেতরের সামগ্রিক মনোভাব পরিষ্কার ; ক্রিকেটাররা বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী। তারা সরকারের প্রতিনিধির কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানাতে চান যে, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলাই তাদের অগ্রাধিকার।
এটি সরকারের সঙ্গে বিসিবির অবস্থানের সম্ভাব্য পার্থক্যকে সামনে এনে দিয়েছে। কারণ, ৪ জানুয়ারির পর থেকে নিরাপত্তা শঙ্কার কথা বলে বিসিবি ও বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে ভারতে সফরের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
আইসিসি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই সিদ্ধান্ত না মানলে বাংলাদেশের জায়গায় অন্য দলকে নেওয়ার বিষয়েও প্রস্তুতি রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আজকের বৈঠক মূলত সেই চূড়ান্ত সিদ্ধান্তের জন্যই বাংলাদেশ কি সরকারের আগের অবস্থানেই অটল থাকবে, নাকি ক্রিকেটারদের মতামতের ভিত্তিতে অবস্থানে পরিবর্তন আসবে।
এই বৈঠকের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেট মহল ও বিশ্ব ক্রিকেট। কারণ, এখান থেকেই নির্ধারিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।
মন্তব্য করুন








