অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগের (বিবিএল) গুরুত্বপূর্ণ ফাইনাল পর্বে আর মাঠে নামা হচ্ছে না বাবর আজমের। অস্ট্রেলিয়ায় সিডনি সিক্সার্সের হয়ে খেলা পাকিস্তানের তারকা ব্যাটারকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরতে বলা হয়েছে। ফলে বিবিএলের বাকি ম্যাচগুলোতে তাকে আর পাচ্ছে না সিক্সার্স।
সিডনি সিক্সার্স কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে। হোবার্ট হারিকেনসের বিপক্ষে চ্যালেঞ্জার ফাইনালের ঠিক একদিন আগে এই ঘোষণা আসে, যা দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ওই ম্যাচের বিজয়ী দল বিবিএল ফাইনালে পার্থ স্কর্চার্সের মুখোমুখি হবে।
শুরুতে পুরো টুর্নামেন্টজুড়ে বাবরের খেলার কথা ছিল। জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে না রাখায় বিবিএলে পূর্ণ সময় খেলার সুযোগ তৈরি হয়েছিল। তবে পাকিস্তান জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক ব্যস্ততা সামনে রেখে তাকে আগেভাগেই ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
সিক্সার্স ব্যবস্থাপনা জানিয়েছে, বাবরের জাতীয় দায়িত্বকে তারা সম্মান করছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে তাকে ছাড়তে বাধ্য হয়েছে। দলটির মতে, পরিকল্পনা ভিন্ন হলেও আন্তর্জাতিক ক্রিকেটের অগ্রাধিকার বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
এই মৌসুমে বিবিএলে বাবরের ব্যাট হাতে খুব একটা ধারাবাহিকতা ছিল না। ১১ ম্যাচে তিনি করেন ২০২ রান, গড় ছিল ২২-এর কিছু বেশি এবং স্ট্রাইক রেট ছিল তুলনামূলকভাবে কম। দুটি ফিফটি থাকলেও বড় ইনিংসের অভাব ছিল চোখে পড়ার মতো।
মন্তব্য করুন








