আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর নির্বাচকরা দল চূড়ান্ত করেছেন, যেখানে একাধিক চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে।
দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম। তবে বড় চমক হিসেবে বাদ পড়েছেন নিয়মিত উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং সম্প্রতি বিগ ব্যাশ মাতানো পেসার হারিস রউফ। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের বাদ পড়া পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র অনুযায়ী, ব্যাটিং বিভাগে জায়গা পেয়েছেন সালমান আলি আগা, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান এবং শাদাব খান। এছাড়া দলে রাখা হয়েছে খাজা নাফেকে, যাকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ব্যাটিং বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অলরাউন্ডার হিসেবে দলে আছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ। স্পিন আক্রমণের মূল ভরসা থাকছেন আবরার আহমেদ। পাশাপাশি উসমান খানকেও স্কোয়াডে রাখা হয়েছে, যা ব্যাটিং গভীরতা বাড়াবে।
পাকিস্তানের পেস বিভাগ নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। তাদের সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে উসমান তারিক ও সালমান মির্জা, যারা ফাস্ট বোলিং ইউনিটে বিকল্প শক্তি যোগ করবেন।
রিজার্ভ তালিকায় তিনজন
স্ট্যান্ডবাই বা রিজার্ভ তালিকায় রাখা হয়েছে ওয়াসিম জুনিয়র, আবদুল সামাদ ও হাসান আলী। ইনজুরি বা শেষ মুহূর্তের পরিবর্তনের ক্ষেত্রে তাদের ডাকা হতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা এখনও করেনি। তবে শিগগিরই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন








