লো-স্কোরের ম্যাচ, খেলোয়াড়-দর্শক সবার ঘাম ছুটিয়ে নেওয়ার মতো শেষ ওভার, আর শেষ বলে ছক্কার নাটকীয় সমাপ্তিতেই রংপুর রাইডার্সকে বিদায় করে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল সিলেট টাইটান্স। বিপিএল এলিমিনেটরে ৬ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালের আর মাত্র এক ধাপ দূরে পৌঁছে গেল মেহেদী হাসান মিরাজের দল। শেষ বলে ৬ রানের বিশাল চ্যালেঞ্জ ছিল। ক্রিস ওকস সেই চ্যালেঞ্জটাই উড়িয়ে দিলেন গ্যালারির বাইরে।
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেয় সিলেট। সিদ্ধান্তটি দ্রুতই সঠিক প্রমাণিত হয়। মাত্র ২৯ রানের মধ্যেই রংপুর হারায় তাওহীদ হৃদয়, ডেভিড মালান, অধিনায়ক লিটন দাস ও কাইল মায়ার্সকে। চারজনই এক অঙ্কে থামেন।
খুশদিল শাহ (৩০ বলে ১৯) ও মাহমুদউল্লাহ (৩৩ বলে ২৬) কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় হয়নি। নুরুল হাসান সোহান ১৮ রান করেন। শেষ পর্যন্ত রংপুর ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১১১ রান।
সিলেটের পক্ষে খালেদ আহমেদ ছিলেন বিধ্বংসী, ১৫ রানে ৪ উইকেট। ক্রিস ওকস নেন ১৫ রানে ২ উইকেট, নাসুম আহমেদ ১২ রানে ২টি।
১১১ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় সিলেট, ২ রানেই ফেরেন তৌফিক খান। পারভেজ ইমন ১৮ রান করে কিছুটা লড়াই দেন, তবে দ্রুতই সাজঘরে ফেরেন তিনি।
মাঝে আরিফুল ইসলাম (১৭) ও আফিফ (৩) আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ রংপুরের দিকে ঝুঁকে যায়। তখন দলকে ধরে রাখেন অধিনায়ক মিরাজ (১৮) ও স্যাম বিলিংস (২৯)।
শেষ দুই ওভারে দরকার ছিল ১৫ রান। ১৯তম ওভারে মুস্তাফিজ বিলিংসকে ফেরালে চাপ আরও বাড়ে। শেষ ওভারে ফাহিম আশরাফ বল করতে এসে প্রথমেই ফিরিয়ে দেন মঈন আলীকে।
শেষ বলে দরকার ছিল ৬ রান। ওকস ঠিক সেই মুহূর্তে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জিতিয়ে দেন।
এই জয়ে সিলেট দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে, যেখানে তারা প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের মুখোমুখি হবে। রংপুরের বিপিএল যাত্রা এখানেই শেষ।
মন্তব্য করুন








