বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠার পুরস্কার হিসেবে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য ২৫ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই এই আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ালিফায়ার-২ ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী। ম্যাচ শেষে তাৎক্ষণিকভাবেই বোনাসের ঘোষণা আসে।
আগে ব্যাট করে রাজশাহী ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৬৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে থামে ১৫৩ রানে। শুরুতে উইকেট হারানো এবং মাঝের ওভারগুলোতে ধারাবাহিক চাপের কারণে ম্যাচে ফিরতে পারেনি সিলেট।
রাজশাহীর জয়ের বড় নায়ক ছিলেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। বাঁহাতি এই পেসার চার ওভারে মাত্র ১৯ রান খরচায় চারটি উইকেট তুলে নিয়ে সিলেটের রান তাড়ায় কার্যত ভাঙন ধরান। এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
ব্যাট হাতে রাজশাহীর ইনিংসের ভিত গড়ে দেন কিউই তারকা কেইন উইলিয়ামসন। ৩৮ বলে অপরাজিত ৪৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। এছাড়া তানজিদ তামিম ১৫ বলে ৩২ এবং জিমি নিশাম ২৬ বলে ঝোড়ো ৪৪ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।
সিলেটের হয়ে পারভেজ হোসেন ইমন ৪৮ এবং সাম বিলিংস ৩৭ রান করলেও শেষ পর্যন্ত ফল বদলাতে পারেননি তারা।
দলের এই পারফরম্যান্সকে চাপের ম্যাচে মানসিক দৃঢ়তার উদাহরণ হিসেবে দেখছে রাজশাহী শিবির। ফাইনালের আগে এমন বোনাস ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন








