বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বোলিং দাপটের মুখে চাপে পড়েও শেষ দিকে আবদুল গাফফার সাকলাইনের বিস্ফোরক ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে রাজশাহী অলআউট হয় ১৩৩ রানে, যার বড় অংশই এসেছে সাকলাইনের ঝড়ো ইনিংস থেকে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) টস জিতে চট্টগ্রাম অধিনায়ক আগে ফিল্ডিং নেন। রাজশাহীর হয়ে ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ৩০ রানের জুটি গড়েন। ফারহান ১৯ বলে ২১ রান করে ফেরেন। পাওয়ারপ্লে শেষে রাজশাহীর সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৭ রান।
এরপরই ধস নামে রাজশাহীর ব্যাটিং লাইনে। এক প্রান্তে তানজিদ টিকে থাকলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। নাজমুল হোসেন শান্ত করেন ১১ বলে ৮, মুশফিকুর রহিম শূন্য রানে আউট হন, আর আকবর আলী থামেন ১০ বলে ৩ রানে।
তানজিদ ৩৭ বলে ৪১ রান করে আউট হলে রাজশাহী পড়ে আরও বিপাকে। জিমি নিশাম ও রায়ান বার্লরাও ব্যর্থ হন। তখনই ম্যাচের মোড় ঘোরান সাকলাইন। তিনি নিচের দিকে নেমে মাত্র ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে তিনটি ছক্কা ও দুটি চার মারেন। শেষ দিকে রিপন মণ্ডলের ৮ বলে ১০ রানের ক্যামিও রাজশাহীকে ১৩৩ পর্যন্ত টেনে নেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে রাজশাহী অলআউট হয়।
চট্টগ্রামের পক্ষে শেখ মেহেদী হাসান ও আমের জামাল দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানভীর ইসলাম, হাসান নওয়াজ ও মির্জা বাইগ।
লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম ভালো শুরু করেছে, তবে রাজশাহীর বোলিংয়ের পরীক্ষা বাকি।
মন্তব্য করুন








